বঙ্গবন্ধুর খুনী নুর চৌধুরীকে ফেরতের উপায় খুজতে ঢাকা-অটোয়া একমত

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬

noor-chowdhury

জাতীয় ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি নূর চৌধুরীকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে সম্মত হয়েছে কানাডা।

স্থানীয় সময় গতকাল শুক্রবার কানাডায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকে দুই সরকারপ্রধান এ ব্যাপারে সম্মত হন। হোটেল হায়াত রিজেন্সিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এখন দুই দেশের কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়ে নূর চৌধুরীকে কানাডা থেকে বহিঃসমর্পণের উপায় বের করবেন।

বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের কাছে ব্রিফিং করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার বিষয়ে সম্ভাব্য সমাধান খুঁজতে একমত হয় ঢাকা ও অটোয়া।

বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আমন্ত্রণ জানান। কানাডার প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তার আমন্ত্রণ গ্রহণ করেন।

কানাডার প্রধানমন্ত্রী জানান,  ‘তিনি ১২ বছর বয়সে তার পিতা ও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট ট্রুডোর সঙ্গে বাংলাদেশ সফর করেছিলেন।’

ট্রুডো শেখ হাসিনাকে জানান, ‘তিনি শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তার ১৯৮৩ সালে বাংলাদেশ সফরকালীন বেশ কিছু অস্পষ্ট স্মৃতি রয়েছে।’

এ সময় শেখ হাসিনা ট্রুডোকে বলেন, ‘শিগগিরই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর আসুন, যাতে ১৯৮৩ সালের আপনার বাংলাদেশ সফরের ঝাপসা হয়ে আসা স্মৃতি ফের চাঙ্গা করে নিতে পারেন।’

দুই নেতার বৈঠকে বিশ্বের বর্তমান সন্ত্রাসবাদ প্রসঙ্গও স্থান পায়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বলেন, সন্ত্রাসকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তা সবাই মিলে একসঙ্গে প্রতিহত করার বিষয়ে মত দেন শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডো। বৈঠকে বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী চলমান প্রক্রিয়া ও আন্দোলনের প্রশংসা করেন কানাডার প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘দুই প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরো বাড়ানো এবং তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।’

পররাষ্ট্রসচিব আরো বলেন, গত ৩০ বছরে বাংলাদেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রীর এটাই প্রথম কানাডা সফর, যার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিক উন্মোচিত হয়েছে।

প্রসঙ্গত, আর্ন্তজাতিক গ্লোবাল ফান্ডের পঞ্চম কনফারেন্স এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে প্রধানমন্ত্রী কানাডা অবস্থান করছেন।

১৮ সেপ্টেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে (মন্ট্রিল সময়) এয়ার কানাডার একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে কানাডার মন্ট্রিল ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে অংশ নেবেন তিনি।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.