বঙ্গোপসাগরে ৫৫ মিনিট সাঁতার কেটে তীরে জেলেরা

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬

karnofuli-boat

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বঙ্গোপসাগরের বদরমোকাম এলাকায় আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডুবে যাওয়া ওই ট্রলারের পাঁচজন জেলে ৫৫ মিনিট সাগরে সাঁতার কেটে তীরে ফিরে আসেন। তাঁরা হলেন সালামত উল্লাহ, মো. হোসেন, রবি আলম, জিয়াবুল ইসলাম ও মো. আলম।

জেলে সালামত উল্লাহ জানান, আজ বুধবার দুপুরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মকতুল হোসেন ওরফে বেক্কাইয়ার মালিকানাধীন ট্রলারে করে বঙ্গোপসাগরের বদরমোকাম এলাকায় মাছ ধরতে যান তাঁরা। হঠাৎ করে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের পাঁচজন জেলে ট্রলারে থাকা পানির জারের সাহায্যে প্রায় ৫৫ মিনিট সাঁতরে অক্ষত অবস্থায় ডাঙায় ফিরে আসেন।

ট্রলারমালিক মকতুল হোসেন বলেন, ওই স্থানে রাতে টান বেশি থাকার পাশাপাশি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। অন্য জেলেরা সাঁতার জানলেও মো. আলম সাঁতার জানতেন না। কিন্তু অন্যদের সহযোগিতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি (আলম) রক্ষা পেয়েছেন।

জানতে চাইলে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক বলেন, ট্রলারডুবির ঘটনাটি শুনেছি। ট্রলারে থাকা পাঁচ জেলে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারলেও ট্রলার এবং জাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.