বাংলাদেশে সন্ত্রাস নির্মূলে সরকার সফল: জাতিসংঘে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার,  ২২ সেপ্টেম্বর ২০১৬

pm-hasina-speach-in-united-nation

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যেসব সন্ত্রাসী গোষ্ঠীর উদ্ভব হয়েছে, তাদের নিষ্ক্রিয় করা, তাদের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের মাটি থেকে আঞ্চলিক সন্ত্রাসীদের কার্যক্রম নির্মূল করার ক্ষেত্রে আমাদের সরকার সফল হয়েছে।’

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে (বাংলাদেশ সময়) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর নির্দিষ্ট কোনও একটি দেশের সমস্যা নয়। কোনও দেশই এখন সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয়। এমন কোনও ব্যক্তি নেই, যিনি সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুর বাইরে।’

সন্ত্রাসবাদ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমেরিকা থেকে ইউরোপ; আফ্রিকা থেকে এশিয়া- অগণিত নিরীহ মানুষ সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। আমরা মনে করি সন্ত্রাসীদের কোনও ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এদের নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল কারণগুলো চিহ্নিত করতে হবে। একই সঙ্গে এদের পরামর্শদাতা, মূল-পরিকল্পনাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষক, অস্ত্র ও অর্থ-সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে বের করতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে।’

নিজেও সন্ত্রাসী হামলার শিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাসী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তন আমাদের অনেক অর্জনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রেখে যেতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের লাখ-লাখ নারী অর্থনীতিতে অবদান রাখছেন। বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা এবং স্পিকার নারী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে দারিদ্রতার হার দ্রুত হ্রাস পাচ্ছে। রফতানি আয় বেড়েছে তিন গুণ। প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর হারও তিনগুণ বেড়েছে। আগের চেয়ে বেড়েছে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণও।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্ক রয়েছেন।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১ তম অধিবেশনে ‘ওমেনস লিডারশিপ অ্যান্ড জেন্ডার পার্সপেক্টিভ অন প্রিভেন্টিং অ্যান্ড কাউন্টারিং ভায়োলেন্স এক্সট্রিমিজম’ বিষয়ক সাইড ইভেন্টে ভাষণকালে এ কথা বলেন। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ’এর আমন্ত্রণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত কাউন্টার টেররিজমের ওপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে যোগ দেবেন।

২১ সেপ্টেম্বর সুইডিস প্রধানমন্ত্রী স্টিফেন লো ফেভেন আয়োজিত ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথবিষয়ক স্যোসাল ডায়ালগসংক্রান্ত গ্লোবাল ডিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তিনি জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে পানিবিষয়ক উচ্চ পযার্য়ের এক প্যানেল বৈঠকেও যোগ দেবেন।

শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে হোটেল গ্রান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তুবিষয়ক এক বৈঠকে যোগ দেওয়ার পর তিনি ওবামা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

২২ সেপ্টেম্বর সড়ক পথে ভার্জিনিয়ার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।২৫ সেপ্টেম্বর আমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি’র ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করবেন। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.