সিটিজি বার্তা২৪ ডটকম, নিউজ ডেস্ক
রোববার, ১৪ আগস্ট ২০১৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এ আদেশ দেন।
তিন সাংবাদিকের পক্ষে তাঁদের আইনজীবী প্রিয়লাল সাহা জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তাঁদের নির্দোষ বলে দাবি করেন আইনজীবী।
শুনানি শেষে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহসম্পাদক প্রান্ত পলাশের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
এর আগে ৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তিন সাংবাদিককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে নিউজপোর্টালটিতে একটি সংবাদ প্রকাশিত করা হয়।
ওই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৮ আগস্ট দুপুরে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।





