বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক ঃ দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে এবং রাজধানী চেন্নাইয়ের অবস্থা বিপর্যস্ত। গত মঙ্গলবার রাত থেকে এক নাগাড়ে ভারী বর্ষণের ফলে আজ বুধবার জনজীবন পুরোপুরি থমকে গেছে। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে চেন্নাই বিমানবন্দর, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। এ ঘটনায় বিমানবন্দরের সাত’শ যাত্রী আটকা পড়েছেন।
বন্যার কারণে ভারতের অন্যান্য জায়গা থেকে চেন্নাইগামী দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, এমনকি চেন্নাইয়ের লোকাল ট্রেনও বন্ধ। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগহীন হয়ে পড়েছে অনেক মানুষ।
চেন্নাইয়ের বেশিরভাগ অফিস আদালত বন্ধ ঘোষণা হয়েছে। তবে সেখানকার স্থানীয় মানুষজন একে অপরকে যতটুকু পারেন সাহায্য করছেন। সিনেমা হল এবং শপিংমলগুলোতে আশ্রয় নিয়েছেন বন্যা আক্রান্ত মানুষজন। অনেক এলাকায় মানুষের সাহায্যার্থে খোলা হয়েছে ‘কমিউনিটি কিচেন’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতি মোকাবেলায় বুধবার জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৬০০ উদ্ধারকর্মীকে তামিল নাড়ুতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয় এবং তাদেরকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাই থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে। উদ্ধারকর্মীরা বন্যা পরিস্থিতিতে কাজ করার জন্য সাথে করে নিচ্ছেন ৬০টি রাবারের নৌকা, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার।
তামিল নাড়ুতে এক মাস সময়ে যে পরিমাণ গড় বৃষ্টিপাত হয়, এই দুদিনেই প্রায় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই অপ্রত্যাশিত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে, শ্রীলঙ্কার দক্ষিণদিকে সাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্ট হয়েছে, ফলে আগামী আটচল্লিশ ঘণ্টায় তামিলনাড়ু সহ কেরালা রাজ্যেও অতিরিক্ত বৃষ্টিপাত হবে। সার্বিক পরিস্থিতির উন্নতি হতে আরো আনুমানিক ৭২ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।





