রবিবার,২২ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফনের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে গণমাধ্যম কর্মীদের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এসময় মোহনা টিভির মাইক্রোবাস লক্ষ্য করে গুলি করলে মোহনা টিভির রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হন।
রবিবার সকাল পৌনে এগারটার দিকে মাইক্রোবাসে করে রাউজান থেকে চট্টগ্রামে ফেরার পথে গহিরায় সাকা চৌধুরীর বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।
একই মাইক্রোবাসে থাকা একুশে টেলিভিশনের সাংবাদিক নয়ন বড়ুয়া জয় জানান, রাউজানের গহিরা থেকে নগরীর উদ্দেশে রওনা হবার পর রাস্তায় কিছু দুর্বৃত্ত গাড়ি থামাতে বলে। চালক গাড়ি না থামালে তারা গাড়ি লক্ষ করে গুলি করে। এসময় মোহনা টিভির সাংবাদিক রাজীব সেন তার ডান উরুতে গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংবাদকর্মীদের গাড়িতে গুলি করার ঘটনার কথা শুনেছি। বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, বেলা সোয়া ১২ টার দিকে আহত সাংবাদিক রাজিব সেনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।



