সিটিজিবার্তা২৪ডটকম, রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটিতে একটি দ্বিতল ভবন কাপ্তাই লেকে ধসে পড়ায় একই পরিবারের ২ জনসহ ৪ জন নিহত হয়েছে। ধসে পড়া ওই ভবনের ভেতর এখনও অন্তত ৩-৪ জন আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাঙামাটি জেলা শহরের সরকারি মহিলা কলেজ সড়কে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুটি পরিবারের ২ নারী, ২ পুরুষ এবং ১ কিশোরীকে বের করে আনলেও ওই ভবনে বাকি অন্তত আরও ৩-৪ জন সদস্য আটকা আছে বলে দাবি করেছেন স্থানীরা প্রত্যক্ষদর্শীরা।
উদ্ধার হওয়াদের মধ্যে চারজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- জাহিদ(৪০) ও তার মেয়ে পিংকি(১০), হাবিবা (২২) ও সামাদুল সাদ (৭)।
রাঙামাটি জেলা সদর হাসপাতালের আরএমও মং ক্যাচিং সাগর সিটিজিবার্তা২৪ডটকম কে তাদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, ‘বিকাল সাড়ে পাঁচটার দিকে মহিলা কলেজ সড়কের কাপ্তাই লেকের পাড়ে দিকে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামে এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়।’
তিনি আরো বলেন, ‘এসময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। তবে পাশ্ববর্তী একটি নারিকেল গাছের কারণে ভবনের দ্বিতীয় তলা তলিয়ে যেতে বেশ সময় নিচ্ছিলো।’
এখন পর্যন্ত ‘আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।’
এদিকে কাপ্তাই থেকে নৌ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে দিকে রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।






