Tuesday,03 April 2018
ctgbarta24.com
রামু সংবাদদাতা ঃ কক্সবাজারের রামুতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ( ০৩ এপ্রিল ) বেলা ১১টার দিকে রামুর উখিয়ারঘোনা লামারপাড়া গ্রামের সাহাব উদ্দিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদু শুক্কুর (২৮) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া গ্রামের ওবাইদুল হকের ছেলে।
নিহত আবদু শুক্কুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৪/৫ জন যুবক আকস্মিকভাবে আবদু শুক্কুরের ওপর প্রকাশ্যে হামলা শুরু করে। হামলাকারীরা ছুরি, খুন্তি, কুড়াল ও লোহার রড় দিয়ে আবদু শুক্কুরের মাথা, পিঠ, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপায় ও মারধর করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, হামলায় জড়িত চারজনকে চিহ্নিত করা হয়েছে। এরা হলেন, ওই এলাকার মৃত নাছির মোহাম্মদের ছেলে কলিম উল্লাহ (২৮), মৃত আলী আহমদের ছেলে এবাদুল্লাহ (২৪), মো. আলীর ছেলে নুরুল্লাহ (৩২) ও নুরুল ইসলামের ছেলে ফজর আলী (২১)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




