Tuesday,26 Sep 2017
Ctgbarta24.com
রোহিঙ্গা সংকট সমাধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাতদফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, এই মুহুর্তে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে সিকিউরিটি কাউন্সিল গঠনসহ মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।
রোহিঙ্গাদের শর্তহীনভাবে ফিরিয়ে নিয়ে সসম্মানে নাগরিকত্ব প্রদান করতে হবে। ১৯৮২ সালের মিয়ানমার সরকারের নাগরিকত্ব আইন সংশোধন করে রাখাইন অধিবাসীদের নাগরিকত্ব প্রদান করতে হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনানের রিপোর্ট এবং এ সংক্রান্ত সব চুক্তি বাস্তবায়ন করতে হবে। তাদেরকে সুরক্ষায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপ করতে হবে। এই সংকট উত্তরণে দেশে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে।
বিশেষ করে ভারত, চীন, রাশিয়া ও জাপানসহ বিশ্বের সকল দেশ যেন এ সংকট সমাধানে সম্পৃক্ত হয়, সে জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারের সিনিয়র সহ-সভাপতি ওজি উল্লাহ, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম, আব্দুস সালাম মামুন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম হিরো প্রমুখ।



