নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬
ঢাকা: রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। এর পর ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়েছে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দগ্ধ তিন শ্রমিক হলেন আবদুল বাতেন (৩০), আবদুল মজিদ (২৫) ও হুমায়ুন কবীর (১৭)।
ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। আবদুল বাতেনের ৪৬ শতাংশ ও হুমায়ুনের ৫২ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।





