কক্সবাজার প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ২৩ নভেম্বর ২০১৬
টেকনাফ ঃ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের মাঝামাঝি নালান্দিয়ার চর এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড পূর্বাঞ্চল জোন। সম্প্রতি আটক হওয়া ইয়াবা চালানগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ চালান আটকের ঘটনা।
রোববার দুপুর ২টার দিকে একটি স্পিডবোটকে ধাওয়া করে এ বিপুল ইয়াবা জব্দ করা হয়।
ইয়াবা আটকের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বাঞ্চল জোনের অপারেশান কমান্ডার ল্যাফটেন্যান্ট কমান্ডার মহিমুজ্জামান।
তিনি বলেন, ‘গোপন সংবাদেরভিত্তিতে রোববার সকাল ৮টা থেকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ এলাকায় টহল শুরু করে কোস্টগার্ড পূর্বাঞ্চল। আমাদের কাছে খবর ছিল এ চ্যানেল দিয়ে ইয়াবার একটি বড় চালান যাবে। দুপুর ১টা নাগাদ সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের মাঝামাঝি এলাকায় আমরা ইয়াবার চালান নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে যেতে থাকা একটি স্পিড বোটকে ট্রেস করতে সমর্থ হই।’
তিনি আরো বলেন, ‘এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে ইয়াবা চালানকারী বোটটি। এক পর্যায়ে নালান্দিয়ার চর এলাকায় স্পিডবোটটি বিকল হয়ে গেলে ইয়াবা পাচারকারী সদস্যরা ইয়াবাসহ বোটটি ফেলে অন্য একটি ছোট বোটে করে পালিয়ে যায়। কোস্টগার্ড সদস্যরা দুপুর ২টার দিকে বিকল হওয়া স্পিটবোট থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। যার অর্থমূল্য প্রায় ৬ কোটি টাকা। স্পিটবোটটিও জব্দ করা হয়েছে।’




