সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ঃ রবিবার ১০টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাইভেট কারের আগুনে দগ্ধ হয়েছে হাসান আল শাফি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান।
অধ্যাপক আল শাফি জানিয়েছেন, আগুনে এক হাত সামান্য পুড়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।
তিনি বলেন, রোববার রাত পৌনে ১০টার দিকে রাজু ভাস্কর্যের সামনে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের দেওয়াল ঘেঁষে গাড়ি রেখে টিএসসি ক্যাফেটেরিয়ায় গিয়েছিলেন তিনি। আধা ঘণ্টা পর গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। গাড়ির দরজা খুলতে গিয়ে আগুনে হাত ঝলসে যায়। কিভাবে গাড়িতে আগুন লেগেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের কর্মকর্তা আল আমীন বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে গাড়িতে আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা।




