রোববার, ১ জুলাই ২০১৮
খেলাডেস্ক : পুরো ১২০ মিনিট খেলে একটি গোলও করতে পারেনি স্পেন! নির্ধারিত সময়ের খেলায় যে দুটি গোল হল, তাতে রাশিয়ানদেরই অবদান। একটি নিজেদের জালে, বাকিটা পেনাল্টি থেকে স্প্যানিশ জালে। এটাই বলছে তারকাবহুল স্পেনকে কতটা ভুগিয়েছে ইগর আকিনফিভ নামের এক দেয়াল। এদিন ১১ স্প্যানিশের বিপক্ষে যেন একাই খেললেন রাশিয়ার গোলরক্ষক, ট্রাইব্রেকে ঠেকালেন দুটি স্পটকিক। তাতে থেমে গেল স্প্যানিশ অর্কেস্ট্রা ছন্দ, জন্ম নিল আরেকটি রুশ বিপ্লবের।
কী করেননি আকিনফিভ! ১-১ গোলে সমতায় থাকা ম্যাচকে জিততে যখন মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে গেল স্পেন, তখন গোলবারের নীচে ভরসার দেয়াল রাশান অধিনায়ক। ৮৫ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার দূরপাল্লার শট যেভাবে ফিরিয়ে দিলেন, সেটা না হলে প্রথম ৯০ মিনিটের পরেই বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায় স্বাগতিকরা।
ইস্পাতের মত মনোভাব নিয়ে অতিরিক্ত সময়েও লড়ে গেলেন আকিনফিভ। দলকে নিয়ে গেলেন ট্রাইব্রেক পর্যন্ত। ট্রাইব্রেক নামক ভাগ্য পরীক্ষাতে দেশের প্রত্যাশার ভার সবটুকু নিয়ে গোলবারের নীচে দাঁড়ালেন। রাশান গোলরক্ষকের গ্লাভসে পরে রচিত হল রূপকথাই।
শুরুতে ইনিয়েস্তা ও পিকের নেয়া দুই শট ঠেকাতে পারলেন না। কিন্তু তৃতীয় শটে সফল। স্পেনের তৃতীয় শট নিতে আসেন কোকে। আকিনফিভ এবার আর ভুল করেননি। লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন।
চতুর্থ শটে আবারও ব্যর্থ হলেও কোকের শটটি ঠেকিয়ে কাজের কাজটা সেরে রেখেছিলেন আকিনফিভ। কারণ বাকি সতীর্থরা হাতছাড়া করেননি একটি স্পট-কিকের সুযোগও। তাতে স্পেনের পঞ্চম শটটি যখন ঠেকাতে এলেন, বেশ নির্ভার আকিনফিভ।
ম্যাচ বাঁচাতে তখন শট নিলেন স্পেনের ইয়াগো আসপাস, লাফিয়ে পড়ে মিস করতে যাচ্ছিলেন, কিন্তু হাত দূরে সরে গেলে কি হবে, পা দিয়ে ঠিকই ফিরিয়ে দিলেন বল। রাশিয়ান গোলরক্ষকের এই রিফ্লেক্স ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে অনেকদিনই।










