Sunday 26 February 2017
ctgbarta24.com
বরং আমি হারাতেই ভালোবাসি, কোন এক গোধূলি লগ্নে কিংবা অপরাহ্নের সাঝ বেলায়।
যেখানে নিশ্চুপ বসে থাকে আমার কল্পনার মেঘমালা অথবা সরলতার কথাকলি।
তারচেয়ে বরং আমি হারাতেই ভালবাসি, কোন এক পৌষের কুয়াশাচ্ছন্ন সকালে কিংবা মিস্টি রোদের উষ্ণতায়।
যেখানে থাকবে না কোন হিংসা, বিদ্বেষ অথবা গ্লানি।
শরতের স্নিগ্ধময়ী আকাশের ন্যায় নির্মল আর কাশফুলের শুভ্রতায় ভরা স্বচ্ছতায় আমি হারিয়ে যেতে চাই।
নিজেকে গুটিয়ে নিয়ে যেতে চাই পূব আকাশের ওই রক্তমাখা দিগন্তে।
যেখানে আমার সাথে বন্ধুত্ব হবে এক জোড়া শালিকের।
আমি শুনতে চাই তাদের কথা। তাদের আর্তনাদ অথবা জীবন গাথা।
কৃষ্ণচূড়ার লাল সবুজের ছায়ায় আমি হারিয়ে যেতে চাই,
বসন্তের অনুক্ষনের বার্তা নিয়ে ফিরে আসা কোকিলের জয়ধ্বনিতে ভেসে বেড়ানো একগুচ্ছ প্রনয় কিংবা একরাশ ভালোবাসার সাথে।
শ্রাবনের কোন এক বৃষ্টিস্নাত সন্ধায় আমি নিজেকে হারাতে চাই ছলছল বৃস্টির জলধারে।
দক্ষিনের জানলার ধারে কদম গাছের নীচে
যেখানে লিখব বলে ভেবেছি জল ও জোছনার কাব্য।
হালকা কুয়াশাচ্ছন্ন হেমন্তের নিঃসঙ্গ সন্ধ্যায় আমি হারিয়ে যেতে চাই।
হারিয়ে যেতে চাই আউশ আমন কিংবা বোরোদের সোনালী ভালবাসায়।
যেখানে ফিঙেরা ছুটোছুটি করবে আপন মনে।
আর রাত্রি বেলা খেলা করবে জোনাকিরা।
আমি হারিয়ে যেতে চাই ভাদ্রের বাতাসের মন মাতানো ঘ্রাণে
যেখানে আমার মন পরে আছে বাড়ির উত্তরে সেই শিউলি বা মাধবীলতার টানে।
আর কেউ না জানুক শুধু আমার মন জানে।
মাশরুর হোসেন



