সিটিজিবার্তা২৪ডটকম, নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬
চট্টগ্রাম: কনটেইনার পরিবহনকারী গাড়ি মালিক-শ্রমিক সংগঠনের ডাকা কর্মবিরতির কারণে গতকাল সোমবার সকাল থেকে টানা ১০ ঘণ্টা বেসরকারি ডিপো থেকে বন্দরে রপ্তানি পণ্য পরিবহন বন্ধ ছিল।
সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক শেষে সন্ধ্যা ছয়টায় কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত ঘোষণা করে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এরপরই রপ্তানি পণ্য পরিবহন শুরু হয়।
সাত দফা দাবিতে ঐক্য পরিষদের ডাকে গতকাল সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির কারণে চট্টগ্রামের ১৬টি বেসরকারি ডিপো থেকে এসব গাড়িতে করে কনটেইনার-ভর্তি পণ্য বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া যায়নি। আবার বন্দর থেকে ডিপোগামী ৩৭ ধরনের আমদানি পণ্যভর্তি কনটেইনার পরিবহনও বন্ধ হয়ে যায়।
এ পরিস্থিতিতে গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে সিটি কর্পোরেশনের সম্মেলনকক্ষে মেয়রের উপস্থিতিতে আলোচনায় বসেন মালিক-শ্রমিক নেতারা। বৈঠকে মেয়র ২৯ দিনের মধ্যে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
সংগঠনটির সাত দফা দাবি হলো সিটি কর্পোরেশনের যানবাহন প্রতি ‘যান্ত্রিক মডেল ট্যাক্স’ ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকায় বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার, চট্টগ্রাম বন্দর এলাকায় টার্মিনাল নির্মাণ, গাড়ির বিরুদ্ধে মামলা বন্ধ, ওজন স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, চালকদের ভারী যানের লাইসেন্স প্রদান, প্রাইম মুভার ও ট্রেইলার একই নিবন্ধনের আওতায় আনা এবং বন্দর, বিআরটিএসহ সব সংস্থার সমন্বয়ে এই খাতে সমন্বিত নীতিমালা প্রণয়ন।
বৈঠক শেষে মেয়র বলেন, ‘এক মাসের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে চেষ্টা করব। এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির বলেন, মেয়র দায়িত্ব নিয়েছেন। এ কারণে কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
বন্দরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর ও ১৬টি ডিপোর মধ্যে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার প্রাইম মুভার ট্রেইলারে করে আনা–নেওয়া করা হয়।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম বলেন, রপ্তানি পণ্য পরিবহনে সাময়িক অসুবিধা হলেও কর্মবিরতি স্থগিত হওয়ায় সমস্যা হবে না।
বেসরকারি ডিপো মালিক সমিতি বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ৯০% ডিপো থেকে প্রাইম মুভার ট্রেইলারে করে বন্দরে নেওয়া হয়। এসব গাড়ি বন্ধ হলে রপ্তানি পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটে।





