মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
নিউজ ডেস্ক ঃ ‘২০৩০ সালের মধ্যে এইডস পুরোপুরি নির্মূল করা সম্ভব। বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে, ম্যালেরিয়া মুক্ত হয়েছে, এইডস মুক্তও হবে।’ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম এই কথা বলেছেন।
আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। এবারের প্রতিপাদ্য ‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয়, একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার।’
এ দিবসকে ঘিরে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম ২০১৫ সালে এইচআইভি এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইউএসএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লিও ক্যামেসহ আরও অনেকে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নভেম্বর ২০১৪ থেকে অক্টোবর ২০১৫ পর্যন্ত এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন, মারা গেছেন ৯৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৪৪, মহিলা ১১৭ এবং ট্রান্সজেন্ডার ৮ জন। বয়সসীমার দিকে থেকে আক্রান্তদের সংখ্যা ০-৫ বছর বয়সী ১৩ জন, ৬-৯ বছর বয়সী ৪ জন, ১০-১৮ বছর বয়সী ৮জন, ১৯-২৪ বছর বয়সী ৩৬ জন, ২৫-৪৯ বছর বয়সী ৩৫৮ জন এবং ৫০ বছর বয়সের ঊর্ধ্বে ৫০ জন।
উল্লেখ্য বাংলাদেশে সর্বপ্রথম ১৯৮৯ সালে এইডস রোগী সনাক্ত করা হয়। এখন পর্যন্ত বাংলাদেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ৪১৪৩ এবং মৃতের সংখ্যা ৬৫৮।




