সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
সিটিজি বাতর্া ২৪ ডটকম
রোশনি আফিফা
লাইফ স্টাইল : মাঝে মাঝেই জীবনটাকে অনেক বেশি এলোমেলো অনেক বেশি অগোছালো মনে হয় অনেকেরই। আর এই অগোছালো থাকার কারণেই কঠিন হয়ে উঠে জীবন যাপন। কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে, আমাদের জীবনটাকে কঠিন করে ফেলি আমরাই। আমাদেরই কিছু ভুল, কিছু অবিশ্বাসের কারণেই সামনে চলে আসে অনেক বাধা-বিপত্তি। ভেবে দেখুন তো, আপনি যদি নিজের আয়ের চাইতে ব্যয় বেশি করে বসেন তাহলে আপনার জীবনটা সহজ কি করে হবে?
এমনই কিছু সহজ সত্য আমরা উপেক্ষা করে চলি প্রতিনিয়ত, যার ফলে জীবনটা কঠিন হতে থাকে দিনের পর দিন। এই সহজ সত্যগুলো আমরা যতো দ্রুত আপন করে নিয়ে বুঝতে শিখবো ততোই জীবনটা সহজ ও সুখের হতে থাকবে। জানতে চান কি সেই মূলমন্ত্রগুলো? চলুন তবে দেখে নেয়া যাক।
হাল ছেড়ে দেয়ার আগে চেষ্টা করে দেখুন
খুব সহজে হতাশ হয়ে গেলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না। কোনো কাজেই নিজের সফলতা আসে না। তাই হাল ছাড়তে নেই জীবনে। একটিবার হাল ছেড়ে দিলে আপনি পুরো জীবনই একইভাবে কাটিয়ে যাবেন। দ্বিতীয়বার কোনো কিছু নিয়ে চেষ্টার স্পৃহা হারিয়ে ফেলবেন। তাই হাল ছেড়ে দেবেন না। চেষ্টা করতে থাকুন, চেষ্টা করুন। দেখবেন জীবনটা বেশ সহজ লাগছে।
আয় বুঝে ব্যয় করুন
যতোটা আয় করছেন তার সাথে হিসাব মিলিয়ে নিয়ের ব্যয়ের হিসাবটাও করে ফেলুন। কারণ আপনি হয়তো অন্যকে দেখে নিজের আয়ের চাইতে বেশি খরচ করে ফেললেন, কিন্তু এতে পড়ে পরবর্তীতে আপনি নিজে যে অর্থ সংকটে পড়বেন তা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। তাই জীবনকে সহজ রাখতে চাইলে হিসাব রাখুন।
নিজের ভেতরে বিশ্বাস আনুন
আপনি যে কাজেই হাত দেন না কেন নিজের ওপর বিশ্বাস না আনলে কখনোই সফলতা পাবেন না। নিজের ওপর বিশ্বাস রাখা, নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখা এবং নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে কাজ করুন, দেখবেন মনে প্রশান্তি আসবে। জীবন হয়ে উঠবে সহজ। এই জন্যই বলা হয়, ‘প্রার্থনার পূর্বে নিজের সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন’। মনের ভেতরের বিশ্বাস আপনাকে যে মানসিক শান্তি দেবে তাতেই জীবনটা সহজ লাগবে।
কিছু বলার আগে দেখুন, শুনুন এবং বুঝে নিন
মুখের কথা একবার বলা হয়ে গেলে তা ফেরানো সম্ভব হয় না কখনো। তাই কি বলছেন তা ভালো করে ভেবে দেখুন। প্রথমে পরিস্থিতি বুঝে নিন, দেখুন কি হচ্ছে, শুনুন অন্যেরা কি বলছেন, ভাবুন আপনার কথাটি কতোটুকু যুক্তিসংগত এবং তারপরই বলুন। এতে করে জীবনে সমস্যা কম তৈরি হবে।
কিছু করার আগে ভালোমতো ভেবে দেখুন
কোনো কিছু করার আগে সম্ভাব্য সকল দিক নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। অন্যের কাছ থেকে পরামর্শ নিন। ভাবুন, নিজের বুদ্ধি খাটান। কারণ একটি ভুল কাজ নিয়ে পরবর্তীতে পস্তাতে হবে আপনাকেই। এবং কোনো কিছু করে ফেলার পর তা ফেরানো সম্ভব নাও হতে পারে। একারনেই বলা হয়, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’।
মৃত্যুর পূর্বে জীবনটাকে উপভোগ করুন
সব সময় পারফেক্ট জীবন খুঁজতে গিয়ে, অর্থ আয়ের পেছনে ছুটতে গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেললে কষ্ট আপনারই। তখন মৃত্যুর পূর্বেও আফসোস করতে থাকবেন নিজের অপূর্ণতাগুলো নিয়ে। তাই জীবনটাকে শুধু যাপন না করে উপভোগ করে যাওয়ার চেষ্টা করুন। জীবন উপভোগের মাধ্যমে কঠিন সময়গুলো অল্পতেই কেটে যাবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper


