বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
আর, করিম, সিটিজিবার্তা২৪.কম
চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে আমদানি পণ্য ভর্তি কনটেইনারের জট দেখা দিয়েছে। রেলের ইঞ্জিন সংকটের কারণে এসব কনটেইনার সময়মতো ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোয় (আইসিডি) পাঠানো যাচ্ছে না।
বর্তমানে ঢাকা আইসিডিগামী কনটেইনারের সংখ্যা ১ হাজার ৪০০ টিইইউএস, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব কনটেইনারে গড়ে প্রায় ৪০ লাখ টাকার পণ্য থাকে। এ হিসাবে আটকে পড়া কনটেইনারে ৫০০ কোটি টাকারও বেশি মূল্যের আমদানি পণ্য রয়েছে।
সময়মতো পণ্য ঢাকা আইসিডিতে নিতে না পারায় একদিকে আমদানিকারকদের বিলম্ব মাশুল গুনতে হচ্ছে, অন্যদিকে এসব পণ্য বাজারজাত করতে না পারায় লোকসানের সম্মুখীন সংশ্লিষ্ট আমদানিকারকরা। পাশাপাশি নতুন পণ্য আমদানিতেও সমস্যা হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘আমরা চাই দ্রুত কনটেইনার বন্দর থেকে বের হয়ে আমদানিকারকের হাতে পৌঁছে যাক। কিন্তু রেলওয়ে সময়মতো ওয়াগন দিতে না পারলে বন্দর কর্তৃপক্ষের কিছুই করার থাকে না। এছাড়া আমদানিকারকরা চাইলে এখন নৌপথে কনটেইনার নিতে পারেন। কিন্তু তাদের দিক থেকে এ বিষয়ে সাড়া পাওয়া যাচ্ছে না।’
বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি অনুযায়ী দৈনিক ১৫০ টিইইউএস কনটেইনার পরিবহনের কথা রয়েছে রেলওয়ের। কিন্তু গত দুই মাসে দৈনিক গড়ে মাত্র ৫০-৬০ টিইইউএস কনটেইনার পরিবহন করা সম্ভব হয়েছে। ফলে আইসিডিগামী পন্য ভর্তি কনটেইনারের স্তূপ জমেছে।
বন্দর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কনটেইনার রয়েছে প্রায় ১ হাজার ৪০০ টিইইউএস। ২০১০ সালে জানুয়ারির পর এত বিপুলসংখ্যক আমদানি পণ্যবোঝাই কনটেইনার বন্দরের ইয়ার্ডে জমেনি।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার বেলাল উদ্দিন জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১৫০ টিইইউএস কনটেইনার পরিবহন করে রেলওয়ে। কিন্তু ইঞ্জিন সংকট ও অন্যান্য কারণে এ পরিমাণ কনটেইনার বর্তমানে পরিবহন করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে রেলওয়ের এই কর্মকর্তা নিশ্চিত করেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper
