ব্রেকিং নিউজ

‘ছাত্রলীগকে বঙ্গবন্ধুর জীবন-আদর্শ থেকে শিখতে হবে’

শনিবার, ২৩ মে, ২০১৫

জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪.কম

2015-05-23 21.01.25

বাগেরহাট ঃ বাগেরহাটে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ছাত্রলীগকে উদেশ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তোমাদের বঙ্গবন্ধুর জীবন-আদর্শ থেকে শিক্ষা লাভ করতে হবে। তোমাদের কর্মী হতে হবে। সামনে থেকে তৃণমূল কর্মীদের নেতৃত্ব দিতে হবে। তাহলেই প্রকৃত নেতা হওয়া যাবে।

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা ছাত্র লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

অন্যদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান প্রমুখ।

পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই বলেছিলেন, দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব না। কিন্তু শেখ হাসিনার সরকার দেশের টাকায় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছে। অচিরেই পদ্মা সেতুর সুফল মানুষ ভোগ করবে।

সম্মেলনে শেখ হেলাল উদ্দিন বলেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ শেষ হবে। এ অঞ্চলের মানুষের কাঙ্ক্ষিত বাগেরহাট খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে ৫৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছরের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। এসব উন্নয়ন প্রকল্পের কারণে বিগত সরকারের আমলে অচল হয়ে পড়া মংলা বন্দর মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সকালে মংলা-খুলনা-দৌলতদিয়া জাতীয় মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাতে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু করতে একটি চুক্তি স্বাক্ষর হবে। চার দেশের সড়ক পরিবহণ মন্ত্রীদের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তির ফলে যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক উন্মোচিত হবে। এসব দেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করতে পারবে।

About admin