বুধবার, ১৬ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, মাদক পাচারে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের লোকজনও জড়িত । তিনি বলেন, মাদক পাচারের ক্ষেত্রে চট্টগ্রামের আনোয়ারার চিত্র ভয়াবহ। এ অবস্থার পরিবর্তন করতে হবে।
মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। নইলে এমন একটা সময় আসবে, যেদিন ঘরে ঘরে একজন করে মাদকসেবী পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বটতলী এস এম আউলিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক। বিদ্যালয় থেকে ২০০২ সালে দেওয়া এসএসসি পরীক্ষার্থীদের পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ইমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আনোয়ারার ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল ধর, বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি মুজিব-উর-রহমান চৌধুরী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
