নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
রোববার, ১০ এপ্রিল ২০১৬
চট্টগ্রাম : নগর বিএনপির শাহাদাত হোসেন হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। উত্তর জেলা বিএনপির আহবায়ক আসলাম চৌধুরীকে নতুন কমিটির যুগ্ম মহাসচিব করা হয়েছে।
গঠনতন্ত্র নিয়মানুসারে এই দুই নেতা বর্তমান পদে থাকতে পারবেন না। ফলে নগর বিএনপিতে সভাপতি-সাধারণ সম্পাদক ও উত্তর জেলায় সভাপতি পদে নতুন মুখ আসছে।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী মনোনীত হয়েছেন।
আর সাংগঠনিক সম্পাদক পদে ঢাকায় ফজলুল হক মিলন, চট্টগ্রামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স এবং ফরিদপুরে শামা ওবায়েদ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। অন্যদিকে দলের স্থায়ী কমিটিতে স্থান হচ্ছে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর। ফলে নগরীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় দুটি পদই খালি হচ্ছে। এই পদে কাদের স্থান হচ্ছে তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
দলীয় একটি সূত্র জানিয়েছে, নগর বিএনপির সভাপতি পদে বর্তমান সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারপারসন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন।
চট্টগ্রামের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করেই চেয়ারপারসন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, আবু সুফিয়ান নগর বিএনপির দায়িত্ব পালন করতে পারবেন কিনা এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে মতামত জানতে চেয়েছেন দলের চেয়ারপারসন। তারা দু’জনই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আছে বলে মতামত দিয়েছেন।
নগর সাধারণ সম্পাদকের বিষয়েও সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন দলীয় প্রধান। অন্যদিকে উত্তর জেলা বিএনপিতে আসলাম চৌধুরীর মতামতের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে বলে কেন্দ্রীয় একটি সূত্রে জানা গেছে।
এদিকে দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় ডা.শাহাদাত হোসেন ও আসলাম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন আবু সুফিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে দলের নেতা-কর্মীরা আবু সুফিয়ানকে নগর বিএনপির সভাপতি মনোনীত করার জন্য দলের চেয়ারপারসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
হেমায়েত উল্লাহ নামে একজন লিখেছেন,‘সুফিয়ান ভাইকে চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দেখতে চাই।’ একই কথা লিখেছেন ভোরের শিশির নামে আরেকজন কর্মী।
যুগ্ম মহাসচিব মনোনীত হওয়ার পর থেকে উত্তর জেলা বিএনপির নেতা-কর্মীরা আসলাম চৌধুরীর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন। শাহাদাত হোসেনের বাসাতেও শুভেচ্ছা জানাতে আসছেন দলীয় লোজন।
গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন কাউন্সিলররা। সেই ক্ষমতাবলে তিনি এসব পদে এই নেতাদের মনোনীত করেছেন।
১৯ মার্চ কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হন। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব, রুহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ বলে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।

