বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্রগ্রাম : জাতীয় পরিচয়পত্রের ভুল-ত্রুটি সংশোধনের শেষ সময়ে এসে চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামের শত শত বাসিন্দা। বিনা মূল্যের ফরম কিনতে হচ্ছে টাকা দিয়ে। আবার পূরণের পর জমা দেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। সে সাথে ভুল সংশোধনের জন্য কি ধরণের তথ্য প্রমাণ জমা দিতে হবে তার সঠিক নির্দেশনা না থাকায় হয়রানির শিকারও হতে হচ্ছে তাদের।
ভুল সংশোধনের জন্য জাতীয় পরিচয় পত্র জমা দিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইন দাঁড়িয়ে থাকতে হওয়ায় কিছুটা ক্ষুব্ধ প্রতিবন্ধী সেকান্দার হায়াত আরমান। শুধু আরমান একা নয়। শেষ মুহূর্তে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে সবাইকে। নির্বাচন কমিশনের সরবরাহকৃত বিনামূল্যের ফরম কিনতে হচ্ছে ফটোষ্ট্যাটের দোকান থেকে। মাটিতে বসে পূরণ করতে হচ্ছে সে ফরম। দীর্ঘলাইন ধরে শেষ প্রান্তে পৌঁছার পর জানানো হচ্ছে নানা ভুলের কথা।
নাগরিকদের খুব শিগগিরই নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ স্মাটকার্ড দিতে যাচ্ছে। তাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান জাতীয় পরিচয় পত্রের ভুল-ত্রুটি সংশোধনের ফরম, জমা দিতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। এ অবস্থায় প্রয়োজনীয় জনবল না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের কর্মকর্তা আবদুল বাতেন।
নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ৩০ ও ৩১ অক্টোবর শুক্র এবং শনিবার সরকারি বন্ধ। তাই ফরম জমা দিতে পারা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অনেকেই।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল