বাকঁখালী নদীতে উচ্ছ্বাসের মধ্যে ভাসানো হল ‘কল্পজাহাজ’

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

2015_10_29_22_27_10_PbbuOiyNGTyeQIpYMQTsu8gM525rxy_originalবিশেষ প্রতিবেদক : বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তৈরি করা হয়েছে জাহাজ। ধর্মীয় ভাষায় এটাকে বলা হয় কল্পজাহাজ। নানা বাদ্য বাজিয়ে, নাচে গানে উচ্ছ্বাসের মধ্যে প্রবারণায় বাকঁখালী নদীতে ভাসানো হল সে সব জাহাজ। বাঁশ, বেত, কাঠ, কাগজ দিয়ে চমৎকার কারুকাজে ঈগল, ময়ূরসহ প্রতিকৃতি ফুটিয়ে তৈরি করা হয়েছে এ কল্পজাহাজ।

এটি বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী একটি উৎসব হলেও সকল ধর্মের মানুষের উপস্থিতি দেখার মতো।চমৎকার কারুকাজে তৈরি ৮টি কল্পজাহাজ ভাসাকে ঘিরে বাকঁখালী নদীর দুই পাড়ে ছিল বিপুল সংখ্যক মানুষের ভিড়। এটিকে সম্প্রীতির এক নতুন বন্ধন রচনা বলে মত তাদের।

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী জাহাজ ভাসানো উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এসময় তিনি বলেন, ”ঐতিহ্যবাহী এ জাহাজ ভাসা উৎসব ঘিরে সকল ধর্মের মানুষের একটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে। এটিকে আগামী বছর থেকে আরো বড় করে আয়োজনের উদ্যোগ নেয়া হবে ”।

রামু কেন্দ্রীয় জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়া পাড়া, দ্বীপ-শ্রীকুল, জাদিপাড়া, হাজারীকুল ও মেরংলোয়া গ্রাম থেকে মোট আটটি কল্পজাহাজ ভাসানো হয় নদীতে।

জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অর্পন বড়ুয়া জানান, দুশ বছরের পুরনো ঐতিহ্যবাহী ও জাহাজ ভাসানো উৎসব শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়। যুগ যুগ ধরে হাজার হাজার শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধ-বণিতার মাঝে নির্মল আনন্দ ও সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আসছে এ উৎসব। সারা দেশের মধ্যে শুধুমাত্র রামুতেই এ উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও কয়েক বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকত, চৌফলদণ্ডি, চকরিয়ার মাতামুহুরী নদীতে জাহাজ ভাসানো উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

জাহাজ ভাসা উদযাপন পরিষদের সভাপতি সুমথ বড়ুয়া জানান, কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া, উখিয়া, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও সূদুর ঢাকার লোকজনসহ দেশি-বিদেশি পর্যটকরাও উৎসবে যোগ দেন। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এ বছরও এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline