শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিনোদন : চলতি বছরের ডিসেম্বরের ১৮ তারিখটা খুব একটা সুবিধের নয়। সঞ্জয় লীলা বনশালীর পক্ষে নয়, রোহিত শেঠির পক্ষেও নয়! কাজল, প্রিয়ঙ্কা, দীপিকা, কৃতী— কারও পক্ষেই নয়! শাহরুখ, রণবীর, বরুণের জন্যও নয়! একই দিনে যদি মুক্তি পায় ‘বাজিরাও মস্তানি’ আর ‘দিলওয়ালে’, তবে কি দর্শকরা একটা দ্বিধার মধ্যে পড়বেন না? স্পষ্ট দুটো শিবিরে ভাগ হয়ে কি তাঁরা দেখতে যাবেন না পছন্দের তারাদের? আর তাই যদি হয়, তবে তো দুটো ছবিরই বাণিজ্য মার খাবে! তাহলে কি শেষ পর্যন্ত পিছিয়ে যাবে কোনও এক ছবির মুক্তি? এই সমস্যা নিয়েই এখন ডিসেম্বরের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দিন গুনছেন বলিউডের ছবি-বোদ্ধারা!
আর ঠিক এই জায়গাতেই এসে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে মুখ খুলেছেন এক বর্ষীয়ান ছবি-বোদ্ধা। মুক্তির আগে ছবির ভবিষ্যৎ সম্পর্কে আজ পর্যন্ত যা বলেছেন তিনি, কখনই মিথ্যে হয়নি! তাঁর দাবি, দুই ছবির মধ্যে দর্শক সবার আগে দেখতে যাবে ‘দিলওয়ালে’।
তবে, এ ছাড়াও ‘বাজিরাও মস্তানি’-র জন্য আর একটা ভয়ের কারণ রয়েছে। এর মধ্যেই দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। এ ভাবে এগোতে থাকলে দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহেরই দখল নেবে ‘দিলওয়ালে’! ঠিক যে রকমটা হয়েছিল ২০১১-য়! সে বছর ‘জব তক হ্যায় জান’-এর সঙ্গে লড়তে গিয়ে পিছিয়ে আসতে হয়েছিল ‘সন অব সর্দার’-কে! শাহরুখ দেশের প্রায় সব প্রেক্ষাগৃহের সঙ্গে চুক্তি সেরে ফেলেছিলেন, অজয় দেবগণ উপায় না দেখে বাধ্য হয়েছিলেন আদালতে যেতে! এ বারও কি তাই হতে চলেছে?
তরণ আদর্শের মতো সমালোচক অবশ্য দুটো ছবির একই দিনে মুক্তির মধ্যে এতটাও ভয়ের কিছু দেখছেন না। তাঁর মতে, একটা টানা ছুটির মধ্যে মুক্তি পাচ্ছে ছবি দুটো, অতএব সবার হাতেই ছবি দেখার সময় থাকবে! দুটো ছবিই দেখবেন দর্শকরা!
আবার অতুল মোহনের মতো ডাকসাইটে বাণিজ্য-বিশ্লেষকের মতেও ভয় পাওয়ার কারণ নেই। অতুলের বক্তব্য, দুটো ছবি ভাগ করে দেখাবার জন্য যথেষ্ট মাল্টিপ্লেক্স রয়েছে দেশে।
তাহলে? একই দিনে মুক্তিটাই দুই তরফেরই চূড়ান্ত সিদ্ধান্ত? শাহরুখ তো নিজের মতো ছবি হিট করানোর উদ্যোগ নিতে শুরু করেছেন! দেখা যাক, সঞ্জয় লীলা বনশালী এ বার কী করেন!
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল