শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : শেখ কামাল ক্লাব কাপের শিরোপার লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতার ইস্ট বেঙ্গল। প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর। অন্যদিকে, আসরে এখন পর্যন্ত অপরাজিত দল ইস্ট বেঙ্গল। ফাইনালেও সে ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিতে দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের আগে ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো আসরেই সাফল্য ছিলো না চট্টগ্রাম আবাহনীর। কিন্তু শেখ রাসেল থেকে ধারে বেশিরভাগ ফুটবলার দলে ভেড়ানো ক্লাবটিকে এখন চেনা-ই যাচ্ছে না একদম।
প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হারের পর থেকেই শুরু হয়েছে স্বপ্নযাত্রা। ধাপে ধাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালের মঞ্চে এখন বন্দরনগরীর দলটি। আর একধাপ পেরোলেই স্বপ্নের শিরোপা। সেই সঙ্গে আছে প্রথম ম্যাচে হারের শোধ নেয়ার সুযোগ। তবে, প্রতিশোধের চেয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই দলের মূল লক্ষ্য বলে জানালেন কোচ ও অধিনায়ক।
প্রায় ১২ বছর আগে দেশের বাইরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান ক্লাব কাপে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট জিতেছিলো পশ্চিমবঙ্গের শক্তিশালী দল ইস্ট বেঙ্গল। ৯৫ বছরের ফুটবলের ইতিহাসে নিজেদের শোকেসের শোভা বাড়িয়েছে বড় বড় আরও অনেক শিরোপা। তবে, দীর্ঘদিন পর প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শিরোপা জিতেই দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা।
দলের ১৪ জন খেলোয়াড় ভারতীয় ফুটবল লিগ আইএসএলে খেলতে যাওয়ায় অনেকটা তারুণ্য-নির্ভর দল নিয়ে এসেছিলো ইস্ট বেঙ্গল। আর সে কারণে নিজ দেশের মিডিয়ার তোপে পড়তে হয়েছিলো দলটিকে। তাই ফাইনাল ম্যাচটিকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন কোচ ও অধিনায়ক।
দুই দলের ফাইনাল খেলায় জমজমাট লড়াই উপভোগ করবে চট্টগ্রামবাসী- এ প্রত্যাশা এখন ফুটবল ভক্তদের।
এদিকে, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও, দীর্ঘদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়নি ফুটবলের বড় কোন আসর। ফুটবলের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে শেখ কামাল ক্লাব কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সাবেক ফুটবলাররা।
ভবিষ্যতে, এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে আয়োজকদের অনুরোধ করেছেন তারা। এদিকে, ভালো খেলে ফাইনালে শিরোপা জিতবে চট্টগ্রাম আবাহনী এমন প্রত্যাশা চট্টগ্রামের সমর্থকদের।
সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সবার সাথে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আসরের উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ না হলেও সমাপনী অনুষ্ঠান জমকালোভাবে করা হবে বলে জানান কমিটির সদস্য সচিব সামসুল হক চৌধুরী।
ফাইনাল খেলার আগে বৃহস্পতিবার চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানায় আয়োজক কমিটি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল