রোববার,১৩ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
কক্সবাজার : কক্সবাজার জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার আপন চার ভাইকে আটক করেছে র্যাব।
চার ভাই হলেন আলমগীর, মো. আজম, কাইয়ুম ও ওসমান সরওয়ার বাপ্পী।
এদের মধ্যে আলমগীর পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য, মো. আজম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, কাইয়ুম উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ওসমান সরওয়ার বাপ্পী বর্তমান পেকুয়া উপজেলা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম সাধারন সম্পাদক।
আজ রোববার (১৩ আগষ্ট) ভোরের এই অভিযানে দুইটি দেশে তৈরি এলজি, একটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি ও নগদ ১৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্র মতে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীস্থ অভিযান শুরু করে র্যাবের একটি দল।র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, আগ্নেয়াস্ত্র মজুদের গোপন সংবাদ পেয়ে র্যাব এই অভিযান চালিয়েছিল। তিনি জানান, ওই অভিযানকালে জাহাঙ্গীর আলমের বাড়ির একটি কক্ষ থেকে দুইটি দেশে তৈরি এলজি, তার শয়ন কক্ষ থেকে একটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই সময় বাড়ি থেকে নগদ ১৭ লাখ টাকাও জব্দ করা হয়।
যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার ৪ ভাইকে আটকের ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা পেকুয়ায় বিক্ষোভ মিছিল বের করেন। তাদের দাবি পেকুয়া যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ভাইদের ফাঁসানো হয়েছে।






