ব্রেকিং নিউজ:
Search

জঙ্গি হামলা চালানোর জন্য বাইরের দেশে বসে ষড়যন্ত্র ঃ দাবি মিয়ানমারের

বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

আন্তর্জাতিক ডেস্ক ঃ মিয়ানমারের সেনাবাহিনী দাবি করেছে, তাদের দেশের অভ্যন্তরে জঙ্গি হামলা চালানোর জন্য বাইরের একটি দেশে বসে ষড়যন্ত্র চালানো হচ্ছে আর এই উদ্দেশ্যে জঙ্গিদের তালিমও দেয়া হয়েছে। তবে দেশটি কারা, সেবিষয়ে উল্লেখ করেনি।

প্রশাসনিক রাজধানী নেপিদো থেকে মিয়ানমার সেনাবাহিনীর জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, যখন ‘বাংলাভাষী’ আরসা জঙ্গিরা রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে হামলা চালাচ্ছে এবং এই সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনও বসতে যাচ্ছে – তখনই বিদেশের মাটিতে বসে মিয়ানমারের অভ্যন্তরে হামলা চালানোর এই ছক কষা হচ্ছে।

এই দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন করে থাকে বলে বলা হয়েছে। সেই দেশে কর্মরত মিয়ানমারের কিছু লোককে এই ষড়যন্ত্রে কাজে লাগানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

তবে সেই দেশটির নাম উল্লেখ করা হয়নি।

সেনাবাহিনীর এই বিবৃতিটির একটি প্রতিলিপি বিবিসির বার্মিজ শাখার হাতেও এসেছে। খবর বিবিসির।

এই বিবৃতির ভাষ্য অনুযায়ী, ষড়যন্ত্রকারী সেই দেশটি থেকে মিয়ানমারের কিছু লোককে জঙ্গি প্রশিক্ষণ নিতে মাসচারেক আগে তৃতীয় আরেকটি দেশে পাঠানো হয়েছিল।

এই তালিমপ্রাপ্ত জঙ্গিরা ঘরে বানানো বোমা-বিস্ফোরক আর মাইন তৈরিতে দক্ষ হয়ে ফিরে এসেছে। এখন তারা মিয়ানমারে জঙ্গি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও সেনাবাহিনী দাবি করছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন প্রদেশের বুথিডং-মংটও অঞ্চলে ‘বাঙালি ইস্যু’তে যা ঘটছে, সে ব্যাপারে সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই এই জঙ্গি হামলাগুলোর ছক কষা হচ্ছে।

আর এই সন্ত্রাসবাদী হামলাগুলো রাখাইন প্রদেশে নয় – বরং নাইপেদো, ইয়াঙ্গন, মান্দালে বা মওলামাইয়িনের মতো দেশের বড় বড় শহরেই করার পরিকল্পনা করা হয়েছে বলে মিয়ানমার সেনাবাহিনীর দাবি।

বিবৃতিতে আরও বলা হয়, এই গোয়েন্দা তথ্যের পটভূমিতে মিয়ানমারের সেনাবাহিনী সারাদেশের সব গ্রাম ও শহরের বাসিন্দাদের ‘বাংলাভাষী আরসা সন্ত্রাসবাদী’দের সন্দেহজনক গতিবিধির ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

সেনাবাহিনী বলছে, নাগরিকদের যদি এরকম কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়ে – কিংবা তারা খবর পান কোথাও বেআইনিভাবে বিস্ফোরক দ্রব্য, বিশেষ করে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা হচ্ছে – তাহলে যেন অবিলম্বে তারা কাছাকাছি সেনা ইউনিট, পুলিশ থানা কিংবা সেনা ছাউনিতে খবর দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image