Sunday,10 Sep 2017
Ctgbarta24.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মিয়ানমার থেকে আসা মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়ে গেছে। যার মধ্যে গত ১৫ দিনে এসেছে প্রায় তিন লাখ। নিজের ফেসবুক পেজে (ভ্যারিফায়েড) তিনি লিখেছেন, শেখ হাসিনার সরকার তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরেই কাজ করছে। কিন্তু মিয়ানমারের কারণে অগ্রগতি হয়নি।
রবিবার (১০ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মায়ানমার থেকে আসা মানুষের সংখ্যা ৭০০,০০০ ছাড়িয়েছে। যার মধ্যে গত ১৫ দিনে এসেছে প্রায় ৩০০,০০০। শেখ হাসিনার সরকার নতুনদের মানবিক সহায়তা দেবার যথাসাধ্য চেষ্টা করছে। আর তাদের মায়ানমারে ফিরিয়ে নিয়ে যাবার জন্য অনেকদিন ধরেই কাজ করছে কিন্তু মায়ানমারের কারনে অগ্রগতি হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত আছে এবং তা আরও জোরদার করা হয়েছে।’
উল্লেখ্য গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসছে হাজার হাজার রোহিঙ্গা।
জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয় লোকজনের দাবি, এই সংখ্যা আরও বেশি। এছাড়াও নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান নিয়েছে আরও হাজার হাজার রোহিঙ্গা।



