Monday,11 Sep 2017
Ctgbarta24.com
সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। এরপর ডেকে নিয়ে ধর্ষণ। স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানানোয় গণধর্ষণের হুমকি দেয় ধর্ষক। শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী ওই গৃহবধূর সঙ্গে যা করা হলো তা অকল্পনীয়। প্রথমে গণধর্ষণ এবং পরে তার যৌনাঙ্গে কাঁচের ভাঙা বোতল ঢুকিয়ে দেয় নরপশুরা। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সাঁইথিয়ায় পৈশাচিক এই ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই গৃহবধূ সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ জানায়, সাঁইথিয়া পৌর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী দীর্ঘ দিন ধরেই রাজ্যের বাইরে থাকেন। বর্তমানে তিনি জম্মু-কাশ্মীরে রয়েছেন। ১৪ বছরের মেয়ে আর নয় বছরের ছেলেকে নিয়ে ওই গৃহবধূ বাড়িতে থাকেন। কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি।
প্রায় চার বছর আগে ওই গৃহবধূর সঙ্গে পাড়ার এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা ভাবেন। গত সপ্তাহে সে কথা ওই যুবককে জানাতেই সমস্যার সূত্রপাত।
গৃহবধূ পুলিশকে জানান, গত শুক্রবার রাতে তারক ভাস্কর নামে ওই যুবক সাঁইথিয়া পুরনো বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে যায় গৃহবধূকে। তারপর সেখানে তাকে ধর্ষণ করা হয়।
লোকলজ্জার ভয়ে ওই গৃহবধূ এ বিষয়ে পুলিশকে কিছু জানাননি। তবে, বাসস্ট্যান্ডের বেশ কয়েকজন যুবককে তিনি ধর্ষণের কথা বলেন। ঘটনা শুনে যুবকরা ধর্ষক তারককে মারধর করে।
এতে ক্ষেপে যায় ওই তারক। শনিবার সকালে ওই গৃহবধূকে সে হুমকি দিয়ে বলে, ‘একা ধর্ষণ করেছি, এবার গণধর্ষণ করব! রোববার রাতে ওই গৃহবধূ ছেলেমেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎই তার ঘরের দরজার খিল ভেঙে ঢুকে পড়ে তারক এবং তার দুই বন্ধু।
এরপর ছেলেমেয়েকে খুন করার হুমকি দিয়ে গৃহবধূর মুখে কাপড় ঢুকিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে। শেষে বিয়ারের কাঁচের একটি ভাঙা বোতল তার যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়।
যন্ত্রণায় চিত্কার করে কাতরাতে থাকেন ওই গৃহবধূ। কাঁদতে থাকে তার ছেলেমেয়েরাও। চিত্কারের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারাই সাঁইথিয়া থানায় খবর দেন। পুলিশ গৃহবধূকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ তারককে গ্রেপ্তার করেছে। সে বিবাহিত। তার দুই ছেলেমেয়েও রয়েছে। তারককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার বাকি দুই বন্ধুর খোঁজে অভিযান চালাচ্ছে।
সূত্র: আনন্দবাজার।









