Monday, 25 Dec 2017
Ctgbarta24.com
জেড করিম, টেকনাফ ঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেরুজালেম ইস্যু নিয়ে সারা বিশ্বের উত্তাপ টেকনাফেও ছড়িয়ে পড়েছে। মুসলমানদের পবিত্র নগরী খ্যাত জেরুজালেম ফিলিস্তিনের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানান হাজারও জনতা।
সোমবার ( ২৫ ডিসেম্বর ) টেকনাফ উপজেলার কেজি স্কুল মাঠ থেকে সম্মিলিত উলামা পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবদুর রহমান বদি।
সাংসদ আবদুর রহমান বদি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা ট্র্যাম্পের হঠকারী সিদ্ধান্ত। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহর নবী যেই স্থান থেকে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন সেই জায়গাটি কি পেলেন ট্রাম্প? এতো জায়গা রেখে মুসলমানদের জায়গাটি বেঁছে নিয়ে কাজটি কি ভাল করছেন ট্রাম্প ? খোদ বাংলাদেশও তার এই ঘোষনার বিরুদ্ধে দাড়িয়েছে বলে জানান তিনি।
এসময় টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন শতশত জনতা। মিছিলে মিছিলে ও শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল টেকনাফ উপজেলার কেজি স্কুলের মাঠ প্রাঙ্গন। সকলের মুখে উচ্চারিত ছিল ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর নির্যাতনের নিষ্ঠুর বর্ণনা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে আসা এক কলেজ ছাত্র জানান,” ট্র্যাম্পের এই অবৈধ আদেশের বিরুদ্ধে নিন্দা জানাতে আমি এখানে সকলের সাথে যোগ দিয়েছে। জেরুজালেমকে রক্ষা করা সকলের ঈমানী দায়িত্ব।তাই আমিও এইখানে হাজির হয়েছি।
মুফতি কিফায়তুল্লাহ শফীক হুজুর মুনাজাত পরিচালনা করার সময় অনেকজনকে কান্না করতে দেখা যায়। মুনাজাতের পরে হাজারও জনতা বিক্ষোভ মিছিল শুরু করে টেকনাফ থানার সামনে গিয়ে সমাপ্ত হয়।
এসময় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান। টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌ. রফিক উদ্দিন, মুফতি কিফায়তুল্লাহ শফীক, সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া, বাহারছাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজ উদ্দিন, ফরিদুল আলম, নুর আহমেদ, কামাল হোসেন, আলী আহমেদ প্রমুখ।









