Thursday, 14 Dec 2017
Ctgbarta24.com
বান্দরবান ঃ বান্দরবানে রফিক আহমদ নামে এক ঠিকাদারকে মারধরের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহন চাকমাকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কল্যান সমিতি।
বৃহস্পতিবার বেলা ১২টায় বান্দরবান প্রেসক্লাব হলরুমে জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে জরুরী ভিত্তিতে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী মোহন চাকমাকে প্রত্যাহার না করা পর্যন্ত জেলার অন্তত ২শ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের কাজ বন্ধ রাখার ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন- মোহন চাকমা সরকারি কর্মকর্তা হয়ে নিজের যোগ্যতা ও ক্ষমতার অপব্যাবহার করছে। তাছাড়া সম্প্রতি এক ঠিকাদারকে কোন কারণ ছাড়াই নিজ অফিস থেকে মারধর করে বের করে দেন ও তাকে জীবন নাশের হুমকি দেন নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রাশেদ। এছাড়াও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন- ঠিকাদার কল্যাণ সমিতির উপদেষ্টা লক্ষীপদ দাস, মো: মশিউর রহমান মিঠন, ঠিকাদার কল্যান সমিতির সভাপতি সাবিকুর রহমান জুয়েলসহ ঠিকাদার সমিতির নেতৃবৃন্ধ।
সংবাদ সম্মেলনের পূর্বে সকালে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের মাধ্যমে উর্দ্ধতন বিভিন্ন কর্তপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্ধ।










