Sunday,10 Dec 2017
Ctgbarta24.com
ডেস্ক সংবাদ : দেশের আইসিটি সেক্টরের বিকাশে যশোরে যাত্রা শুরু করেছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক।
এর মাধ্যমে দেশের আইসিটি সেক্টরে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হলো।
২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে বিশ্বমানের আইটি পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।
সে অনুযায়ী ২০১৪ সালের ২৫ এপ্রিল যশোরের বেজপাড়া শংকরপুর এলাকায় ২ লাখ ৩২ হাজার বর্গফুট জায়গার ওপর ৩০৫ কোটি টাকা ব্যয়ে এই আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়।
পার্কে আধুনিক সকল সুযোগ-সুবিধাসহ ১৫-তলা মাল্টি-টেন্যান্ট বিল্ডিং (এমটিবি) স্থাপন করা হয়েছে। এখানে জায়গার পরিমাণ ২ লাখ ৩২ হাজার বর্গফুট।
আন্তর্জাতিক থ্রি-স্টার মানের আবাসন ও জিমনেসিয়ামের সুবিধাসহ ১২-তলা ডরমিটরি বিল্ডিং, একটি ক্যান্টিন ও এম্ফিথিয়েটার, ৩৩ কেভিএ পাওয়ার সাব-স্টেশন, অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিস রয়েছে।
মূল ভবনের পাশে ৫ একরের বিশাল জলাধার রয়েছে এবং চারপাশে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইটি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।










