বৃহস্পতিবার,০৩ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
ডেস্ক সংবাদ :প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান।
২০১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেরা পারফর্মেন্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ওয়ানডে ও টেস্ট একাদশ। যদিও চলতি বছরের জুনে ভারতের বিপক্ষে গ্রিন পোষাকে অভিষেক হয় কাটার স্পেশালিষ্ট মুস্তাফিজুরের। আর ২০০৯ প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসির টেস্ট স্কোয়াডে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান।
এলাম দেখলাম জয় করলাম। পেস বোলার হয়েও ক্রিকেটের ২২ গজে বিশ্বের বাঘাবাঘা ব্যাটসম্যানদের বধ করছেন নিজ আবিষ্কার রহস্যময় কাটার দিয়ে।
নিবিড় অনুশীলনে শানিত একান্ত গোপন অস্ত্রটি এখন বিশ্বের সব ব্যাটসম্যানদের মাথা ব্যথার কারণ। অথচ বিশ্বের অন্যান্য সেরা আবিষ্কারের মত কাটারের জন্মও নাকি হয়েছিলো খেলার ছলে। বলছিলাম বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর ও তাঁর আবিষ্কার কাটারের কথা। ১৮ জুন ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক সিরিজেই, একাই ধসিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ। পকেটে পুড়েছিলেন ১৩টি উইকেট। গড়েছিলেন তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও।
দুর্দান্ত বোলিংয়ের পুরষ্কারটাও বেশ দ্রুতই পেলেন সাতক্ষীরার এই পেসার। মাত্র ৩ মাসের পারফর্মেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।
অনিল কুম্বলের নেতৃত্বাধীন প্যানেলের নির্বাচনে সেরা ওয়ানডে একাদশে ভারতের প্রতিনিধিত্ব করছেন পেসার মোহাম্মদ শামি। এছাড়া বিশ্বসেরা একাদশে মুস্তাফিজুরের অন্যান্য সতীর্থরা হলেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, বিদায়ী কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও ইমারন তাহির।
অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক। এছাড়াও রয়েছেন কিউই দলের রস টেইলর ও ট্রেন্ট বোল্ট। অধিনায়কের দায়িত্ব পালন করবেন চতুর্থ বারের মত বিশ্ব একাদশে জায়গা করা প্রোটিয়া মারকুটে ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।
এছাড়াও, ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে অধিনায়ক করে নির্বাচন করা হয়েছে টেস্টের সেরা একাদশ। তাঁর সতীর্থ হলেন জো রুট ও পঞ্চম বারের মত জায়গা পাওয়া স্ট্রুয়ার্ট ব্রড। অজিদের হয়ে টানা ২য় বারের মত বর্ষসেরা একাদশে রয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নতুন সংযোজন অজি পেসার জস হ্যাজেলউড।
পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন ইউনিস খান, সরফরাজ আহমেদ ও লেগ স্পিনার ইয়াসির শাহ। দুই কিউই তারকা কেন উইলিয়ামসন ও বোল্টও রয়েছেন সেরা একাদশে। আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে ভারতের মান বাঁচিয়েছেন রবিচন্দ্র অশ্বিন।




