সিটিজিবার্তা২৪ডটকম নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
চট্টগ্রাম : বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। টানা ৬ দিনের এই বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ জলাবদ্ধতায় সংশ্লিষ্ট এলাকার অনেক সড়কের সমূহ ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদের ছুটির পর সোমবার অফিস করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রথম কর্মদিবসে এসেই তিনি নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক সমূহের দ্রত মেরামত কাজ শুরু করার ব্যাপারে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দিয়েছেন।সিটি মেয়র আগামীকাল থেকেই এই মেরামত কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন।
এ উপলক্ষে সোমবার দুপুরে মেয়র দপ্তরে সিটি মেয়র প্রকৌশল বিভাগের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমেদ টানা বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতায় ৪১ ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে মেয়র সংশ্লিষ্টদেরকে প্রতিবেদনের ভিত্তিতে দ্রত রাস্তাঘাট সংস্কারের ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য নির্দেশনা প্রদান করেন।
সিটি মেয়র উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, এবারের বৃষ্টিতে নগরীর রাস্তাঘাটের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। জলপ্লাবিত নিম্নাঞ্চল এলাকার রাস্তাঘাটগুলো আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে। নগরবাসীর চলাচলে যাতে ভোগান্তি, দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য প্যাচওয়ার্ক মাধ্যমে সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে চলাচল উপযোগী করে তুলতে হবে।
বৈঠকে চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী মো. আবু ছালেহ, আনোয়ার হোসেন, মনিরুল হুদা, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, বিপ্লব কান্তি দাশ, সুদীপ বসাক, অসীম বড়ুয়া, আবু সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।





