শনিবার, ২৬ মার্চ ২০১৬
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সিআরবি সড়কে সিএনজি অটোরিকশা চালককে ধাওয়া দিয়ে পুলিশে দেয়ার পর এবার বিনা লাইসেন্সে বাস চালানোর দায়ে কিশোর চালককে পুলিশে দিয়েছেন।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর ইস্পানিমোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিজের ফেসবুক পেজে জানিয়ে জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন ছবিসহ লিখেছেন, ‘আজকে আগ্রাবাদে নিজের অফিসে যাবার সময় লাইসেন্সবিহীন বাস চালানোর দায়ে একজন চালককে পুলিশে দিয়েছেন মেয়র আ জ ম নাছির।’
জানা গেছে, চট্টমেট্টো-১১-১৫৩৩ নাম্বার বাসটির চালক জহির একজন কিশোর এবং বিনা লাইসেন্সের বাসটিতে করে সিটি করপোরেশনেরই এক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বহন করছিলেন।
এ ব্যাপারে মেয়রের ব্যাক্তিগত সহকারী সচিব রায়হান ইউসুফ সংবাদমাধ্যমকে মুঠোফোনে বলেন, ‘ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসন কতৃক আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও পুরষ্কারর বিতরণ অনুষ্ঠান শেষে আগ্রাবাদে যাচ্ছিলেন। সেসময় টাইগারপাস ও ইস্পাহানি মোড়ের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চালিয়ে আসতে থাকে। একপর্যায়ে বাসটি মেয়রের গাড়িকেও ধাক্কা দিয়ে উদ্যত হয়। যদিও মেয়রের গাড়ি চালকের দক্ষতায় মেয়র অল্পতে রক্ষা পেয়েছেন। পরবর্তীতে মেয়রের প্রটোকলে থাকা পুলিশ বাসটিকে থামিয়ে মেয়রের কাছে চালককে নিয়ে আসেন। এসময় মেয়র দেখলেন বাসটির চালক একজন কিশোর এবং তার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই। তারপরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে ওই চালককে তুলে দেয়া হয়।’
এ গঠনার আগেও গতো মঙ্গলবার (২২ মার্চ) নগরীর সিআরবি সড়ক এলাকায় একটি সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিয়ে অপর একটি সিএনজি অটোরিক্সা পালিয়ে যেতে সক্ষম হলে ওই সিএনজি চালককে নিজের গাড়ি নিয়ে ধাওয়া করে আটকিয়ে কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন মেয়র আজম নাছির উদ্দীন।
সোমবার (২৩ মার্চ) নগরীর গণিবেকারি মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশু ও তার মাকে নিজ প্রটোকলের গাড়িতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন মেয়র।





