শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
রায়হান, সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘিরে শুক্রবার সন্ধ্যা থেকে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কারাগারের একটি সূত্র সন্ধ্যা ৭টার দিকে জানিয়েছেন, সন্ধ্যা পর থেকে কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তবে রাতেই ফাঁসি কার্যকর করা হবে কি না- সে বিষয়ে তিনি বলতে রাজি হননি।
সন্ধ্যার পর কারাগারের চারপাশে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কারাগার ঘিরে রাস্তায় লোকজন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
এখন পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন করেননি মৃত্যুদণ্ড পাওয়া এই দুই আসামি। রাষ্ট্রপতির কাছে তারা আদৌ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা পরে জানাবেন বলে গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে সাকা চৌধুরী ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না- সে ব্যাপারে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন।
গত বুধবার সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের করা ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আদালত। পরদিন বৃহস্পতিবার রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।





