Wednesday,24 May 2017
Ctgbarta24.com
চট্টগ্রাম: সিএমপি কমিশনার বলেন, মার্কেটের ব্যবসায়ীদের বলেছি রমজানের প্রতিদিন বিক্রির টাকা তারা পরদিন ব্যাংকে রাখতে পারবেন। কিন্তু রমজানের শেষদিন অর্থাৎ ঈদের আগের দিন ব্যাংক বন্ধ থাকবে। সেক্ষেত্রে কোন ব্যবসায়ী যদি চুরি-ডাকাতির আশংকা করেন তাহলে জিডি করে সেই টাকা থানায় রেখে যেতে পারবেন। ঈদের পরে অথবা সুবিধাজনক সময়ে তারা সেই টাকা ফেরত নিতে পারবেন।
বুধবার (২৪ মে) রমজান ও ঈদুল ফিতরের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সিএমপি কমিশনার এই পরামর্শ দেন। পরে বিষয়টি তিনি সংবাদ সম্মেলনেও জানান।
‘চাঁদরাত’ হিসেবে পরিচিত ঈদুল ফিতরের আগের দিন পণ্য বিক্রির টাকা থানায় জমা রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার। ব্যাংক বন্ধ থাকায় নগরীর ১৬টি থানাকে জিডিমূলে টাকা জমা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বেশি পরিমাণ টাকা বহনের জন্য পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শও দিয়েছেন সিএমপি কমিশনার।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, মাসুদ উল হাসান এবং সালেহ মো.তানভির।



