শুক্রবার, ০১ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্রান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল শেখ মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস’কে ইসরাইলি সেনাবাহিনীর অংশ বলে আখ্যায়িত করেছেন। তিনি জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে বৃহত্তর ইসলামিক সহযোগিতার আহ্বান জানান। এ খবর দিয়েছে নিউজউইক। খবরে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে ইসলামিক সামরিক জোটের প্রশংসা করেন তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আইএস’কে ধ্বংস করবে এ জোট। তিনি আইএস’কে ‘খারেজি’ ও ‘অনৈসলামিক’ আখ্যা দেন। প্রসঙ্গত, নতুন ইসলামিক জোটের পরিকল্পনা মূলত সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মুহম্মদ বিন সালমানের মস্তিস্কপ্রসূত, যিনি বর্তমান বাদশাহ সালমানের সবচেয়ে প্রিয় সন্তান।
সম্প্রতি, আইএস’র স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি মন্তব্য করেন, নবগঠিত ইসলামিক সামরিক জোট গুরুত্ব বহন করে না। কারণ, এ জোট ‘ইহুদীদের মারছে না ও ফিলিস্তিন স্বাধীন করছে না’। তিনি নতুন সৌদি নেতৃত্বাধীন এ জোটকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘গুটি’ বলে মন্তব্য করেন। এমনকি তার দাবি, ‘ইসরাইলের দিকে মুজাহিদিনদের ট্যাঙ্ক প্রতিদিন অগ্রসর হচ্ছে’। এ ব্যাপারে প্রশ্ন করা হলে, গ্রান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল শেখ বলেন, এটা স্রেফ একটি মিথ্যা। সত্যি হলো, আইএস’ই ইসরাইলি সেনাদের অংশ।




