গাজীপুর প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬
আতিকুর রহমান: গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানার বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা ও আহত প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা দেবে সরকার।
শনিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। অন্যদিকে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে টঙ্গীর বিসিক শিল্প নগরীর একটি কারখানায় বয়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচতলা ভবনটির ওপরের তিনতলার অনেকটাই ধসে গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে অর্ধশতাধিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।





