চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দুই চালক আহত

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬

train-engine

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দুই চালক আহত হয়েছেন। ছবি:সিটিজিবার্তা২৪ডটকম

চট্টগ্রাম: সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দুই চালক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ঢাকামুখী (আপলাইন) লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লাইন দিয়ে সব ট্রেন পার করে দেওয়া হচ্ছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালকদের উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করেন।

আহত দুজন হলেন চালক (লোকো মাস্টার) মহিন উদ্দিন (৫৯) ও সহকারী চালক মাহিদুল ইসলাম (৩৫)। মহিন উদ্দিন চট্টগ্রাম বন্দরের পোর্ট কলোনি এলাকার বাসিন্দা। মাহিদুল ইসলাম আনোয়ারা উপজেলার ষোলকাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রাম বন্দর সংযোগ লাইন থেকে ঢাকামুখী মূল লাইনে ওঠার সময় ইঞ্জিনটি বিকট শব্দে কাত হয়ে পড়ে যায়। এ সময় চালক মহিন উদ্দিন ইঞ্জিনের একপাশে গাছের সঙ্গে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।

injured-train-driver

ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ছবি:সিটিজিবার্তা২৪ডটকম

চালক মহিন উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটের সময় বন্দর থেকে ট্রেন চালানো নির্দেশনা (লাইন ক্লিয়ার) নিয়ে ১১টার দিকে ট্রেন ছেড়ে আসে। সাড়ে ১১টার দিকে মূল লাইনের সিগন্যাল লাইট দেখতে না পেয়ে ট্রেন থামান। ২ মিনিট পর সিগন্যালের বিষয়ে নিশ্চিত হয়ে ট্রেনটি পুনরায় চালান। এতে মূল লাইনে উঠতে না উঠতে ইঞ্জিনটি পড়ে যায়।’

রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের ব্যাপার। এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাবে না। চট্টগ্রামমুখী (ডাউন) লাইনে সব ট্রেন চালানো হচ্ছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক প্রণব চৌধুরী বলেন, আহত অবস্থায় চালক ও সহকারী চালকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা রেলওয়ে তদন্ত কমিটি তদন্ত করবে। এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে তিনি জানান।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.