চিটাগাং ভাইকিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দারুণ জয়

বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

comillaস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে দারুণ জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিয়ে টুর্নামেন্টের শীর্ষে থেকে চট্টগ্রাম পর্ব শেষ করলো মাশরাফিবাহিনী।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পৌনে ৭টায় শুরু হওয়া এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল চট্টগ্রাম। ওপেনার তামিম ইকবাল ও শ্রীলঙ্কান তারকা তিলকরত্নে দিলশানের ঝড়ো সূচনায় বড় সংগ্রহের পথেই এগুচ্ছিল দলটি। কিন্তু ৮ম ওভারের ২য় বলে দলীয় ৫১ রানে বিদায় নেন তামিম (২৭ রান)। এরপর রানের চাকা অনেকটাই ধীর হয়ে যায় স্বাগতিকদের। তবে দিলশানের ৩৯ ও উমর আকমলের হার না মানা ৪৯ রানের ইনিংসে চিটাগাং শেষপর্যন্ত ১৩৬ রান সংগ্রহ করে।

comiজবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কুমিল্লা। দ্বিতীয় ওভারেই দলীয় ৩ রানে ওপেনার লিটন দাশের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে মাশরাফির দল। তবে ওপেনার ইমরুল কায়েস ও পাকিস্তানি তারকা আহমেদ শেহজাদের ব্যাটে শুরুর চাপ কাটিয়ে ওঠে দলটি। ৫২ রানের জুটি ভেঙ্গে ইমরুল বিদায় নিলেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করছিলেন শেহজাদ। কিন্তু দলীয় ৯৪ রানে তিনিও বিদায় নেন। এরপর আশহার জাইদি ও শুভাগত হোম দ্রুত বিদায় নিলেও কুমিল্লার জয়ের ভীত গড়ে তুলেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক। মূলত তার ২৩ বলের ৩৪ রানের ইনিংসটি কুমিল্লার জয়ে মূল ভূমিকা রেখেছে, আর তাতেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মালিকের হাতে। আর শেষের দিকে অলক কাপালির ১০ রানে ইনিংসের ১৯.৪ ওভারে ১৪২ রান করে ৫ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় কুমিল্লা। চিটাগাংয়ের পক্ষে ২ টি উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

এ নিয়ে কুমিল্লা ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ও চিটাগাং ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে রয়েছে।

উল্লেখ্য, বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ায় দুদিন বিরতি দিয়ে আবার ঢাকায় শুরু হবে খেলা।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image