সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনঝেন শহরে ভূমিধসের ঘটনায় একটি ইন্ড্রাস্টিয়াল পার্কের ৩৩টি ভবন ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৯১ জন নিখোঁজ রয়েছেন।
চীনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে একটি ইন্ড্রাস্টিয়াল পার্কের ৩৩টি ভবন ভেঙে পড়ার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ৯১ জন নিখোঁজ রয়েছেন। গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে রোববার সকালে ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে ৩৩টি ভবন ধসে পড়লে ভেতরে লোকজন আটকা পড়ে। এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও ৫৯ পুরুষ ও ৩২ নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ভূমিধসের খবর পাওয়ার পরপরই চীনের অন্যতম বৃহৎ ইন্ড্রাস্ট্রিয়াল এলাকাটি থেকে প্রায় ৯০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ চালাচ্ছে ১১টি উদ্ধারকারী দল। এ ছাড়া পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মোট ৭০০ লোক আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে চারটি ড্রোন ও ৩০টি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থলে একটি উদ্ধার অভিযান কমান্ড সেন্টার ও তিনটি চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিধ্বসের পরে প্রায় ৬০ হাজার বর্গ মিটার এলাকা ৬ মিটার উঁচু কাদায় ঢেকে গেছে। চীনের গণমাধ্যম শেনজেনের জরুরি দুর্যোগ মোকাবেলা পরিস্থিতি কার্যালয়ের প্রধান ইয়াং ফেং এর বরাত দিয়ে জানায়, এই ভূমিধ্বসে ৩৩ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি শ্রমিকদের থাকার স্থান, কয়েকটি কারখানা ও কার্যালয়, একটি ক্যান্টিন ও বিভিন্ন ভবন।
সুত্র ঃ বিবিসি









