মঙ্গলবার,০১ আগস্ট ২০১৭
চট্রগ্রাম : নগরীর বায়েজিদে অন্তত সাতটি মামলার এক আসামী কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বাজিদ বোস্তামী থানার ফায়ার সার্ভিস এলাকা থেকে খোরশেদ আলম (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
খোরশেদ সিঅ্যান্ডবি কলোনির মনা ভাণ্ডারির ছেলে।
ওসি মহসিন জানান, খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক, মারামারিসহ অন্তত সাতটি মামলা আছে বায়েজিদ বোস্তামী থানায়।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মহসিন বলেন, “গত ২৫ মার্চ সিঅ্যান্ডবি কলোনি এলাকায় খোরশেদ তার সহযোগীদের নিয়ে স্বামীকে বেঁধে রেখে এক প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়।”
এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে খোরশেদ পলাতক ছিল জানিয়ে মহসিন বলেন, “চুরি, ছিনতাই, মারামারি করা খোরশেদের পেশা। তার বড় ভাইও একটি গণধর্ষণ মামলার আসামি।”
ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ জানিয়েছে সে হাটহাজারিতে পালিয়ে ছিল। সেখানে একটি বাড়িতে চুরি করে শহরে চলে এসেছিল।”






