সোমবার, ১৪ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদন ডেস্ক : সিনেমার গানে ‘আইটেম গার্ল’ হিসেবে ইতোমধ্যেই শীর্ষ স্থান দখল করেছেন নায়লা নাঈম। খোলামেলা উপস্থাপনা আর বৈচিত্র্যময় অঙ্গভঙ্গির কারণে নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে বেশ আগ্রহী। তারই ধারাবাহিকতায় আবারও আইটেম গানে ফিরেছেন নায়লা। তবে তার এবারের নাচের ধাঁচটা একটু আলাদা। আর এবারের আইটেমে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব।
সম্প্রতি ‘টার্গেট-দেয়ার ইজ নো ক্লু’ সিনেমার গানে ‘আইটেম কন্যা’ হিসেবে অংশ নিয়েছেন নায়লা। তবে এবারের ‘আইটেম’ গানের নাচের অভিজ্ঞতাকে একেবারে নতুন হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
নায়লা নাঈম বলেন, আগের সব গানে নাচের বিষয়বস্তু ছিল একটু পশ্চিমা ধাঁচের। তবে এবারের নাচটা ‘চিকনি চামেলি’ ধাঁচের। এ আইটেমে দর্শকেরা আমাকে একেবারেই ভিন্ন আঙ্গিকে পাবেন।
এই আইটেম কন্যার সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন এ সিনেমার নায়ক নিরব। তার কাছে আইটেম কন্যার সঙ্গে নাচের অভিজ্ঞতা একবারেই নতুন।
এ প্রসঙ্গে নিরব বলেন, ছবিতে আইটেম কন্যার সঙ্গে নাচের দৃশ্যে অংশ নেওয়ার এটাই আমার প্রথম অভিজ্ঞতা। গানটির জাঁকজমকপূর্ণ দৃশ্যায়ন হয়েছে। তবে অনেক সময় ছবিতে কোনো কারণ ছাড়াই আইটেম গান করা হয়। কিন্তু এ গানটির মধ্যে ছবির গল্পের একটি অংশ ফুটে উঠেছে।
ছবির পরিচালক সাইফ চন্দন জানান, গত সপ্তাহের শেষদিকে কক্সবাজারের একটি রিসোর্ট ভাড়া করে গানটি ধারণ করা হয়েছে।
আইটেম গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন আর কণ্ঠ দিয়েছেন লেমিস।
এর আগে রানআউট ও ‘মেঘকন্যা’ সিনেমার আইটেম গানে পারর্ফম করে দর্শক মাত করেন নায়লা নাঈম।
প্রসঙ্গত, টার্গেট সিনেমায় নিরবের বিপরীতে রয়েছেন অমৃতা খান। এছাড়া ছবিতে আরও দুটি জুটি দেখা যাবে আনিসুর রহমান মিলন-আইরিন ও তানভীর-সানজিদা তন্ময়। অয়ন চৌধুরীর চিত্রনাট্যে টার্গেটের সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।









