জেলা প্রতিনিধি, সিটিজি বার্তা২৪
রোববার, ১৪ আগস্ট ২০১৬
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে দুর্বৃত্তরা মো. ফয়সাল (২৮) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়সালের বাড়ি বশিকপুর ইউনিয়নে।
বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান জানান, ফয়সাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে সহযোগিতা করায় তাঁকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে তাঁর ধারণা।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানান, যুবলীগ নেতা ফয়সাল এলাকায় সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে পুলিশকে বিভিন্ন সময়ে সহযোগিতা করতেন। স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে বেশ কয়েক মাস থেকে তিনি এলাকা ছেড়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার সময় বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলের চৌকিদারবাড়ির সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের বুকে ও পেটে গুলি ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার মোবাইল ফোনে “সিটিজি বার্তা২৪” কে বলেন, কুপিয়ে ও গুলি করে ফয়সালকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ কর্মকর্তার ধারণা, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লাদেন মাছুম ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।





