Thursday,31 May 2018
ctgbarta24.com
আর করিম, চট্রগ্রাম : নগরীর পাইকারি কাপড়ের বাজার কোতোয়ালী থানার টেরিবাজারে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী কাপড় আনার অভিযোগে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও র্যাব-৭।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুরের দিকে ‘মনে রেখ’সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা সড়কে নেমে বিক্ষোভ করেন। এ সময় কোস্ট গার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এসময় অনেকে হতাহত হন।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন বলেন, পুরো টেরিবাজার ঘিরে অভিযানের নামে ঈদের বেচাকেনায় বিঘ্ন সৃষ্টি করার প্রতিবাদে ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বৈধ কাগজপত্র দেখানোর পরও অনেক দামি দামি শাড়ি-কাপড় জব্দ করা হয়েছে।
এ সময় এক ব্যবসায়ী জানান, তারা সীমান্ত সুরক্ষিত রাখলে এ অভিযানের প্রয়োজন পড়েনা। এখন ঈদ মৌসুমে কেনাকাটার মাস। তারা হুটহাট করে ভ্যাটের নামে বা অন্যান্য ইসু্য তুলে ব্যবসায়ীদের আতংক করে তুলবে সভ্য দেশে এসব কাম্য নয়।
টেরিবাজারে শপিং করতে আসা এক ভুক্তভোগী জানান, আতংক আর দৌড়াদৌড়িতে তার পকেট থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। এ নিয়ে তার আফসোসের অন্ত নেই।
লে. কমান্ডার সাইফুল জানান, টেরিবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি শাড়ি-কাপড়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীরা সহযোগিতা করেননি।




