Tuesday,09 Jan 2018
Ctgbarta24.com
১০ই জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ ১০ মাস পাকিস্তানে কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি।
পাকিস্তানি পাকহানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারে শুরু হয় বঙ্গবন্ধুর বিচার। আর এই প্রহসনের বিচারে বঙ্গবন্ধুর ফাঁসির আদেশ হয়। কিন্তু বিশ্ব জনমতের চাপের মুখে স্বৈরাচার পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুর ফাঁসির আদেশ কার্যকর করতে পারে নি।
পাকিস্তানি পাকহানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিরীহ-নিরস্ত্র বাঙালি জাতির উপর আক্রমণ শুরু করে। আর এই আক্রমণে লাখ লাখ নিরীহ বাঙালি প্রাণ হারায়।
নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ বাঙালি শহীদ হয়। অবশেষে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ হানাদারমুক্ত হয়। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার সদ্য ভূমিষ্ঠ স্বাধীন বাংলাদেশের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন ও দিল্লি হয়ে ১০ই জানুয়ারি বিজয়ীর বেশে বিশেষ বিমানে বাংলাদেশের মাটিতে পা রাখেন।
এ সময় অস্থায়ী সরকার, আওয়ামী লীগ নেতারা, মুক্তিযোদ্ধাসহ লাখো মানুষ বিমানবন্দরে পুষ্পবৃষ্টিতে বরণ করে নেয় প্রিয় এই নেতাকে। বঙ্গবন্ধুও তার প্রিয় মাতৃভূমিতে ফিরে মানুষের অকৃত্রিম ভালবাসা আর শ্রদ্ধায় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি নিজেই তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে।










