সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
রাজনীতি ডেস্ক:: আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরাও সবার অংশগ্রহণে নির্বাচন চাই। তাই ২০১৪ সালের মত ভুল সিদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, দল গোছানোর চেষ্টা করছেন ভালো কথা। জঙ্গি লালন পালনের সর্বনাশা পথ পরিহার ও অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ‘সুস্থ’ ধারার রাজনীতিতে ফিরে আসুন। আশা করছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হজ শেষে দেশে এসে তার ডান-বামে বসা জঙ্গিদের বাদ দেবেন। জাতির কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে রাজনীতিতে ফিরে আসবেন।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেই না-কি দেশে ৩৫টি অনলাইন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের পত্র-পত্রিকার মত স্বাধীনতা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতেও নেই। আসলে মির্জা ফখরুল হলুদ সাংবাদিকদের পক্ষ নিয়েছেন।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন এম এ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ, হারুন চৌধুরী, হুমায়ুন কবির মিজি প্রমুখ।





