শুক্রুবার, ১৯ সেপ্টেম্বর ,২০১৪
সিটিজি বার্তা ২৪ ডটকম
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এর ফজলে রাব্বি হলে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আসন্ন কোরবানী ঈদের আগে কলেজ আর খুলছে না বলেও জানিয়েছেন তারা। পরিস্থিতি বুঝে ঈদের ছুটির পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কলেজ খোলা হবে। ঢামেক এর অধ্যক্ষ ডা. মো. ইসমাইল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে ডা. ইসমাইল খান বাংলা ট্রিবিউনকে বলেন, “ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। বৃহস্পতিবার ছাত্রদের মধ্যে যে রুদ্র মুর্তি দেখেছি সেটা কারও কাম্য হতে পারেনা। তাই সাধারণ ছাত্রদের নিরাপত্তার জন্য একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত ৯টার মধ্যে সকল ছাত্রকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। এরইমধ্যে ছাত্ররা চলে গেছেন। যাদের বাসা দূরে তারা সকালে হল ত্যাগ করবেন।”
তিনি আরও জানান, বর্তমানে ঢামেক এর পরিস্থিতি খুবই উত্তপ্ত। তাই সংঘাত এড়াতে ও সাধারণ ছাত্রদের নিরাপত্তার স্বার্থে ঈদের আগে কলেজ খোলার কোনও সম্ভাবনা নেই। ঈদের ছুটির পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে। বিষয়টি শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীকেও অবহিত করা হয়েছে। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠণ করা হবে।
এদিকে হলের সাধারণ ছাত্ররা জানান, বুধবার রাতে ফজলে রাব্বি হলের বারান্দায় ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি দেবাশীষ দত্তের কক্ষের সামনে মিরাজ নামের ছাত্রদলের এক কর্মীকে বেদম মারধর করছিলো ঢামেক ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির সুমন ও ইন্টার্নি চিকিৎসক পরিষদের সম্পাদক মেজবাহ গ্রুপের কয়েকজন কর্মী। এ সময় দেবাশীষ এর প্রতিবাদ করলে তারা তাকেও মারধর করে। মিরাজ দেবাশীষের মাধ্যমে ছাত্রলীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা যায়।
এর জের ধরে বৃহস্পতিবার দেবাশীষ ও ঢামেক ছাত্রলীগের সম্পাদক ফরহাদের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষে কমপক্ষে ১৫ জন ছাত্র আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
