ব্রেকিং নিউজ

চবি উপাচার্যের অপসারণের দাবিতে আলটিমেটাম

সোমবার, ৪ মে, ২০১৫

ক্যাম্পাস প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪.কম

cu

চট্টগ্রাম ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে অপসারণের দাবিতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

চবি উপাচার্যকে ‘দুর্নীতিবাজ ও জামায়াত-শিবির তোষণকারী’ অভিযোগ করে সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘চবির বর্তমান উপাচার্য তার মেয়াদে প্রায় চারশ’ শিক্ষক নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের বেশির ভাগই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ দফতরের দায়িত্ব এসব শিক্ষক- কর্মকর্তার মধ্যেই বণ্টান করা হয়েছে।’

লিখিত বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘চবি উপাচার্য নিজের দুই শ্যালিকা,পুত্রবধু ও সন্তানকে অবৈধভাবে বিশ্ববিদ্যালয় চাকরি দিয়ে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট করেছেন। উপাচার্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে অভ্যন্তরীণ কোন্দল তৈরী করে জামায়াত-শিবিরকে প্রতিষ্ঠিত করেছেন। তাই তাকে আগামী ১৫ দিনে মধ্যে অপসারণ করতে হবে।’

তাদের দাবি মানা না হলে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদের আহ্বায়ক ড. গাজী সালেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ফোরামে সহসভাপতি সুবাস চন্দ্র চৌধুরী প্রমুখ।